মাদক গ্রহণ পরীক্ষায় প্রমাণ মেলায় পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে গত ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী, চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে যোগ দিয়েছিলেন নিজাম উদ্দিন। প্রশিক্ষণ চলাকালীন গত ৭ জুন তিনি অসুস্থ বোধ করলে তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনায় বিভিন্ন শারীরিক পরীক্ষার পাশাপাশি তাঁর ডোপ টেস্ট করানো হলে ফলাফল পজিটিভ আসে। বিষয়টিকে কোর্সের শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় তাঁকে এই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তের মেয়াদকালে তিনি বিধিমোতাবেক খোরপোষ ভাতা গ্রহণ করতে পারবেন। জনস্বার্থে কার্যকর হওয়া এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে।