ভারতের রাজধানী নয়াদিল্লির একটি থানায় কয়েকজন আইনজীবীকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। বিষয়টি ইতিমধ্যে দেশটির সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছে।
আবেদনকারীদের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে জ্যেষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে জানান, গত শনিবার ময়দান গড়ি অঞ্চলের সঞ্জয় কলোনি থানায় যাওয়া আইনজীবীদের কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল এবং তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
আইনবিষয়ক অনলাইন পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয় হেগড়ে আদালতে উল্লেখ করেন যে হেনস্তার শিকার আইনজীবীদের মধ্যে কয়েকজন তাঁর সঙ্গে অতীতে কাজ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ সদস্যরা উল্টো ওই আইনজীবীদের বিরুদ্ধেই প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দায়ের করার হুমকি দিয়েছেন।