advertisement
advertisement

যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জার্মানির ৫,৭০০ রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ
যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জার্মানির ৫,৭০০ রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

advertisement

যাত্রীদের সার্বিক সুরক্ষা জোরদার এবং বিশৃঙ্খলা এড়াতে জার্মানি জুড়ে প্রায় পাঁচ হাজার ৭০০টি রেলস্টেশনে অ্যালকোহল গ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেশব্যাপী এই নির্দেশনা কার্যকর হয়। এর ফলে স্টেশন চত্বরের পাশাপাশি প্ল্যাটফর্মগুলোও এখন থেকে মদপানের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচিত হবে। নতুন এই বিধিনিষেধের কারণে বিশেষ করে বুন্দেসলিগার খেলা উপভোগ করতে দলবেঁধে রেলে চড়ে যাতায়াতকারী ফুটবল অনুরাগীরা বিপাকে পড়বেন, কারণ চলন্ত ট্রেনে তাদের আর মদ্যপানের সুযোগ থাকছে না।

রেলস্টেশনগুলোতে মদ সংক্রান্ত বিভিন্ন অপ্রীতিকর ঘটনা রোধ করতেই মূলত এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা ডয়চে বান-এর এক নিরাপত্তারক্ষী টিকিট পরীক্ষার সময় এক মাতাল যাত্রীর সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন। এক পর্যায়ে ট্রেনের দরজা খুলে গেলে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ ছাড়া চলতি বছরের শুরুর দিকে টিকিটবিহীন এক ব্যক্তির হামলায় এক ট্রেন কন্ডাক্টরের প্রাণহানি ঘটে। এসব তিক্ত অভিজ্ঞতার পর রেলস্টেশন অ্যালকোহলমুক্ত করার দাবি তীব্র হয়ে ওঠে। ডয়চে বান এক বিবৃতিতে জানিয়েছে, রেলস্টেশনগুলোকে অধিকতর নিরাপদ, পরিচ্ছন্ন এবং অপেক্ষারত যাত্রীদের জন্য আরামদায়ক করতেই এ ব্যবস্থা। এর আগে বার্লিন, মিউনিখ, কোলন ও হামবুর্গের মতো বড় স্টেশনসহ প্রায় ৪০টি স্থানে পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু করে আবর্জনা হ্রাস ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার মতো ইতিবাচক ফল পাওয়া গিয়েছিল।

তবে প্ল্যাটফর্ম বা সাধারণ এলাকায় নিষেধাজ্ঞা থাকলেও রেলস্টেশনের অভ্যন্তরে থাকা পাব, রেস্তোরাঁ ও সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এর আওতামুক্ত থাকছে এবং সেখানে অ্যালকোহল বিক্রি ও পান করা যাবে। একই সঙ্গে দূরপাল্লার ট্রেনগুলোর খাবার স্থান বা বিস্ত্রোতে আগের মতোই বিয়ারসহ নানা ধরনের পানীয় মিলবে। এদিকে গৃহহীনদের নিয়ে কাজ করা একটি জার্মান সহায়তা সংগঠন এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে। বৈরী আবহাওয়ায় বহু অ্যালকোহল-আসক্ত গৃহহীন মানুষ স্টেশনে নিরাপদ আশ্রয় খোঁজেন উল্লেখ করে সংগঠনটির এক মুখপাত্র সংবাদমাধ্যম ‘রাইনিশে পোস্ট’-কে জানান, রেলস্টেশন থেকে সরিয়ে দেওয়া হলে সমাজকর্মীদের পক্ষে এসব অসহায় মানুষের কাছে পৌঁছানো এবং সহায়তা করা আরও কঠিন হয়ে পড়বে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর