ক্রিস্টিয়ানো রোনালদো
উয়েফা নেশনস লিগ চলাকালে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করার কারণে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’র কাছে এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির আইনজীবী ও ফিফা ফুটবল ট্রাইব্যুনালের বিচারক গনসালো আলমেইদা। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলাবিধির ১৬০ নম্বর ধারা উল্লেখ করে তিনি জানান, যথাযথ কারণ ছাড়াই দল ত্যাগ বা অনুপস্থিতির দায়ে এক থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা এবং পেশাদার খেলোয়াড়দের জন্য ৫১০ থেকে ১,০২০ ইউরো পর্যন্ত আর্থিক জরিমানার স্পষ্ট বিধান রয়েছে। নিয়ম অনুযায়ী রোনালদো ইতিমধ্যে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এবং ডিসিপ্লিনারি কাউন্সিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হতে পারে।
নরওয়ের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে কাটানোর পর ডেনমার্ক ম্যাচেও শুরুর একাদশে সুযোগ না পাওয়ার আভাস পেয়ে ক্যাম্প ছেড়েছিলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। কোচ জর্জ জেসুসের ওপর বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে ম্যাচের আগের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদক্ষেপের কথা জানান তিনি। তবে পরবর্তীতে ইনস্টাগ্রামে প্রকাশ্যে দায় স্বীকার করায় বিষয়টি তার শাস্তি হ্রাসে ভূমিকা রাখতে পারে। শৃঙ্খলাবিধির ২৪৪ নম্বর ধারা মোতাবেক, অভিযুক্তের নিঃশর্ত ও পূর্ণাঙ্গ স্বীকারোক্তি থাকলে বিচারিক প্রক্রিয়ার সর্বনিম্ন ও সর্বোচ্চ শাস্তির মাত্রা অর্ধেক কমিয়ে আনা যায়। ডিসিপ্লিনারি কাউন্সিল বিবেচনা করলে রোনালদোর শাস্তি কমে ১৫ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানায় নেমে আসতে পারে।
আগামী ১৪ নভেম্বর ডেনমার্ক এবং এর তিন দিন পর ওয়েলসের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। নিষেধাজ্ঞার মেয়াদ আগের সময় থেকে সমন্বয় করা হলে নভেম্বরের ম্যাচগুলোতে রোনালদোর মাঠে নামার সম্ভাবনা বাতিল হয়ে যায়নি। কোচ জর্জ জেসুসও রোনালদোর ফেরার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এদিকে রোনালদো নিজেও জানিয়েছেন যে অধিনায়ক হিসেবে তিনি সাধারণ কোনো খেলোয়াড় নন এবং তার কৃতকর্মের ফল তাকে ভোগ করতেই হবে। যদিও এফপিএফের ৪৪ নম্বর ধারা অনুযায়ী বিগত দুই দশকে তার পরিচ্ছন্ন রেকর্ড ও ফুটবলে অনন্য অবদান বিবেচনায় লঘু শাস্তির সুযোগ রয়েছে। আইনজ্ঞ আলমেইদার মতে, ২০১১ সালে দল ছাড়ার দায়ে রিকার্দো কারভালহোর পাওয়া এক বছরের নিষেধাজ্ঞা এক্ষেত্রে সরাসরি নজির হিসেবে খাটে না। জাতীয় দলের বিতর্ক পেছনে ফেলে সৌদি আরবে আল নাসরে ফিরে গত রাতেই গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।